চট্টগ্রাম নগরীর সল্টঘোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাত সোয়া ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়াগনের সঙ্গে লরিটি আটকা অবস্থায় ছিল। এতে করে রেললাইনের দুই পাশে প্রচুর গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।














