চট্টগ্রাম নগরীর মুরাদপুর, মোহরা ও অক্সিজেন ট্রাফিক পুলিশের নবনির্মিত বক্স উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ট্রাফিক পুলিশের এ তিনটি নতুন বক্স উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ট্রাফিক সদস্যরা শীত গ্রীষ্ম বর্ষায় অত্যন্ত বৈরী পরিবেশে ডিউটি করে থাকেন। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামায বা ওয়াশরুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা। বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে সিএমপি এ উদ্যোগ গ্রহণ করেছে।
ভালো কর্মপরিবেশে ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিএমপি কমিশনার।
উল্লেখ্য, আজ সোমবার চান্দগাঁও থানাধীন মোহরা, পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এবং বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।














