বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয়েছে বিদায় সংবর্ধনা ও জনসভা।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলীয় অঙ্গনে বাড়ছে প্রস্তুতি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। তার আগে বিজয় দিবসে লন্ডনে একটি আলোচনা সভা ও জনসভায় অংশ নিতে যাচ্ছেন তিনি, যা দেশে ফেরার আগে তাঁর লন্ডনের শেষ বড় কর্মসূচি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানিয়েছেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনার দায়িত্বে থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়ছার এম আহমেদ।
তারেক রহমান ২০০৭ সালে ১/১১ রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং প্রায় ১৮ মাস কারাবন্দী থাকেন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি।
এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লন্ডনের এই বিদায় সংবর্ধনা ও জনসভা শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং তারেক রহমানের দীর্ঘ প্রবাস-জীবনের ইতি টানার পাশাপাশি দেশের রাজনীতিতে তার সক্রিয় প্রত্যাবর্তনের একটি প্রতীকী বার্তা বহন করবে।














