অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
প্রেস সচিব বলেন, আগামীকাল একজন নতুন উপদেষ্টা শপথ নেবেন, প্রফেসর সি আর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি রয়েছে; অনেক বিষয়ে তার একটিভিজম রয়েছে। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ।
বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ সরকারে বর্তমানে উপদেষ্টা ২২ জন।














