- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অগ্নিকাণ্ডে নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি।

মহিববুর রহমান বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। দাফন সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে।

আরও পড়ুন  বিএনপি নেতা আমীর খসরু আটক

নিহতদের পরিবারকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

রাত দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানিয়েছিলেন, এ ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ এই দুই হাসপাতালে আছে। এর বাইরে আরও মৃত ব্যক্তি থাকতে পারে।

আরও পড়ুন  স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা

এ ঘটনায় গুরুতর আহত ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

তিনি বলেন, তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় সর্বশেষ ৪৫ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ঢাকা জেলা প্রশাসনের অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র।