আবারও আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে আগামী মে মাসের তেলবীজটির সরবরাহ মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ১১ ডলার ৮৪ সেন্টে। সেখানে থেকে পরে পণ্যটির দরপতন ঘটেছে প্রায় ৬ থেকে ৭ সেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের দর হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা থেকে সয়াবিনের রপ্তানি বেড়েছে। ফলে চাপে পড়েছে পণ্যটির বৈশ্বিক মূল্য। স্বাভাবিকভাবেই তেলবীজটির দরপতন ঘটেছে।
আলোচ্য কার্যদিবস শেষে আগামী মে মাসের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৭ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৭৪ সেন্টে। আসছে নভেম্বরের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ৬ সেন্ট। বুশেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১১ ডলার ৭৮ সেন্টে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, আলোচিত কর্মদিবসের শুরুতে ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন সয়াবিন রপ্তানি করেছে দেশটি। তবে কোন কোন দেশে করা হয়েছে তা উল্লেখ করেনি।