আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে পুনরায় বৈঠকে বসতে সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে এই বৈঠকের জন্য সংস্থাটির পক্ষে সময় চেয়ে সিইসির কাছে চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইসি সূত্রে জানা গেছে।
ই-মেইলে হোয়াইটলি লিখেছেন, আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এই কাজের জন্য আপনাদের প্রশংসা করি। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে আমাদের মতবিনিময় হয়েছে। নির্বাচন কমিশনের বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে আরও একটি যৌথ সভায় আমরা অংশ নিতে চাই। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।
এ বিষয়ে ইসির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, চার্লস হোয়াইটলির চিঠি নথিতে উত্থাপন করা হয়েছে। তবে এখনো কমিশন বা সিইসি তাদের কোনো সময় দেননি। বেশিরভাগ কমিশনার এখন বিভিন্ন জেলায় নির্বাচনের মাঠ দেখতে ঢাকার বাইরে সফর করছেন। ২৭ নভেম্বর তারা সময় নাও পেতে পারেন। ইইউ এ পর্যন্ত যতবার সময় চেয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবারও হয়তো পাবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে। এতে দুজন টেকনিক্যাল এক্সপার্টও থাকবেন।