কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় ভুলবশত পানি মনে করে ব্যাটারির পানি পান করে ৪ রোজাদার। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গয়ালমারায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানিয়েছেন, তারা ৪ জন রোজার শুরু থেকেই গয়ালমারায় একটি দোকানে বসে ইফতার করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ইফতারের সময় ঘনিয়ে আসলে সবাই পানি মনে করে ব্যাটারির পানি পান করেন।
এতে গুরুতর আহত হয়ে পড়েন মৃত আশরাফ মিয়ার পুত্র নুরুল বশর (৪০), নাজির হোসেনের পুত্র নুরুল হাকিম (১৮), মৃত ইমাম শরীফের পুত্র ইসহাক আহমেদ (৬২) ও সোনা আলীর পুত্র আবদুল কাদের (৩৮)। তাদের মধ্যে নুরুল বশরের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।














