- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। তিনি পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে মুসলিম উম্মাহ তথা সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

প্রেস সচিব জানান, বঙ্গভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন  এবার এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা