নিখোঁজ কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নিহত কামালের বাড়ির পেছনে একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া।
পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।














