চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে রেশমা আকতার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদামতল এলাকার ছালে বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেশমা আকতার আনোয়ারা উপজেলার ডিশ ক্যাবল ব্যবসায়ী মো. আরিফের স্ত্রী। সে পটিয়া উপজেলার মো. ইউছুফের মেয়ে। মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমা আকতার ও আরিফের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুইবছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। এরপর থেকে তারা নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। ৭-৮ মাস আগে ওখান থেকে বড়উঠানের বাদামতলের ছালেহ বিল্ডিংয়ে বসবাস করছিল। সেখানে শুক্রবার সকাল ১১টার দিকে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ রেশমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, খবর পেয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।














