ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্ণফুলী হাউজিংয়ে অচিরেই ওয়াসার পানি সংযোগ যাবে: সিডিএ চেয়ারম্যান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, কর্ণফুলী নদীর বাম তীরে ৩৩ বছর আগে বরাদ্দ দেওয়া কর্ণফুলী হাউজিং প্রকল্পে অচিরেই ওয়াসার পানি সংযোগ যাবে। এই হাউজিং প্রকল্পে বহুতল ভবন নির্মাণেও কোনো বাধা নেই।

শনিবার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত প্রকল্পের প্লট হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রকৌশলী নুরুল করিম বলেন, কর্ণফুলী হাউজিং সোসাইটির মতো একটি সম্ভাবনাময় প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিডিএ উদ্যোগ নিয়েছে। দীর্ঘ ৩৩ বছর সুপেয় পানির অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ওয়াসার ভাণ্ডার জুড়ি প্রকল্প থেকে প্লট মালিকদের নিজস্ব অর্থায়নে সিডিএ অচিরেই পানি সংযোগ প্রদানের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, সিডিএর অনুমতি সাপেক্ষে ১০ তলা বা তার অধিক ভবন বানানো যাবে। প্লট মালিক সমিতি নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে সব সুবিধা অসুবিধা বিবেচনায় নিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এ ধরনের একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সমিতির এজিএম-এ পাস হলে আর কোনো আইনি বাধা বিপত্তি থাকবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিন প্লট মালিকরা নিজস্ব ভূমিতে বাড়ি, ঘর নির্মাণ করতে পারবে। অপর দিকে মহানগরী চট্টগ্রামের তীব্র আবাসন সংকট নিরসন হবে এবং সরকারও বিপুল রাজস্ব লাভ করবে।

আরও পড়ুন  ফটিকছড়িতে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা: চেয়ারম্যান ইকবাল হোসেন

সিডিএ চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের পরিত্যক্ত প্রায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সিডিএ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার পূর্বেই এসব অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে সিডিএ কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। তিনি এ ব্যাপারে প্লট মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- সমিতির অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন, সহ-সভাপতি গোলাম ওয়ারেছ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা চৌধুরী, উপদেষ্টা সাবেক জেলা পিপি ও বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী, জেলা পিপি অ্যাডভোকেট মো. কাশেম চৌধুরী, সিপিডিএল-এর চেয়ারম্যানের পক্ষে খাইরু জামান জোয়ার্দার, সিডিএ প্রকল্প পরিচালক মো. ইলিয়াস প্রমুখ।

আরও পড়ুন  চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ভোটাকেন্দ্রের তালিকা প্রকাশ

সভায় বক্তারা প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানান এবং এজন্য তাকে ও বোর্ড মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমিতির নেতারা প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত প্ল্যান পাশ, সমিতির কার্যালয় প্রতিষ্ঠা, কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল মওকুফে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সিডিএ’র আন্তরিক সহযোগিতা ও পদক্ষেপ প্রত্যাশা করেন।

সভাপতির সমাপনী বক্তব্য ও মতবিনিময় সভা শেষে সমিতির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। এতে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও ২০২৫-২০২৭ দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠিত সভা হয়। ওয়াসার পানি সংযোগ প্রদানের জন্য সিডিএ’র নির্দিষ্ট ফান্ডে কাঠা প্রতি ৫০ হাজার টাকা জমা প্রদান ও সদস্য ফি ৫ হাজার টাকা ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন অ্যাডভোকেট আলমগীর মহম্মদ ইউনুস।

আরও পড়ুন  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৫

তথ্যসূত্র- বাসস।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ