সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
রবিবার (৩ মার্চ) আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানা গেছে।
সফরকালে তিনি কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিতব্য ৪ মার্চ হতে ৫ মার্চ পর্যন্ত ‘দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন এন্ড কনফারেন্স (ডিআইএমডিএক্স-২০২৪)’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এই সম্মেলনের মূল লক্ষ্য হলো স্ব-স্ব স্থল বাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।
সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৬ মার্চ ঢাকা ফিরবেন।














