- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কাল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

কাল চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে মোট পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেলে আসনটি শূন্য ঘোষিত হয়।

আরও পড়ুন  করোনা: চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে ১৯০ জন প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ৪১৪ জন সহকারী প্রিসাইডিং ও ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ২ হাজার ৮২৮ জন দায়িত্বে থাকবেন। ভোটের আগে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম ও ভোটের কাগজপত্র পৌঁছে যাবে।

আরও পড়ুন  বুড়িশ্চরে অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম মহানগর পুলিশ ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ সার্বিক দায়িত্ব পালন করবে। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসন ভোটের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে থাকার জন্য দায়িত্ব বণ্টন করে দিয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার প্রার্থী।

আরও পড়ুন  হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে

অন্য প্রার্থীরা হলেন- মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা এসএম ফরিদ উদ্দিন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. কামাল পাশা ও একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী।