- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

‘কিছুই বলার নেই’, বিদায়ী গভর্নর নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের প্রস্থান নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক ঘণ্টা স্থায়ী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছুই বলার নেই।’

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করতে আসেন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকে গত কয়েক দিনের নজিরবিহীন অস্থিরতা ও উত্তাপের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টার দিকে অর্থমন্ত্রী ও গভর্নর একসঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসেন।

আরও পড়ুন  গ্রেপ্তারের ২ দিন পরেই জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী

সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরকে এভাবে সরিয়ে দেওয়ার কারণ বা বিদায়ের প্রক্রিয়াটি সঠিক ছিল কি না- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থমন্ত্রী কোনও সুনির্দিষ্ট মন্তব্য করেননি। তিনি প্রতিটি প্রশ্নের উত্তরে কেবল ‘কিছুই বলার নেই’ বলে এড়িয়ে যান।

বৈঠক শেষে চলে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা নতুন গভর্নর মোস্তাকুর রহমানের বক্তব্য জানতে চাইলেও তিনি কোনও কথা বলেননি।

আরও পড়ুন  সাবেক সিইসি কে এম নুরুল হুদা ডিবি কার্যালয়ে

উল্লেখ্য, আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।