মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) ভোর থেকে অভিযান শুরু হয়। অভিযান এখনও চলছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে উপজেলার কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টি উলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছেন না তারা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান এখনও চলছে। সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।