- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা, আহত অন্তত ৫

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে ঘটে এ হামলা। এ সময় বিএনপির অফিসেও হামলার চেষ্টা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া অভিযোগ করে জানান, শুক্রবার দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে এ হামলা হয়। তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।

আরও পড়ুন  বগুড়ায় শিব-কালী ও শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুর

খাগড়াছড়ি জেলা যুবলীগের  সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন এই হামলার পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান অবশ্য জানিয়েছেন, শহরে তেমন কোনো ঘটনা ঘটেনি।

এদিকে হামলার পর বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন  খন্দকিয়া খালসহ নগরীতে ৩৬ খালের পাড়ে হচ্ছে ৪০ কি.মি. সড়ক