- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

খালেদার জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে আসছেন তিন চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকার জন হপকিন্স হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আসছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে তাঁরা ঢাকায় পৌঁছাবেন বলে ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

গুরুতর অসুস্থ্য খালেদা জিয়া দুই মাসের বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাঁকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটে বাংলাদেশ সত্যিই প্রশংসার দাবিদার: কংগ্রেস প্রতিনিধিদল

এর আগেও তাঁকে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছেন তাঁরা।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।

আরও পড়ুন  বোয়ালখালীতে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড