প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় সরাসরি সম্প্রচারের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে। অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের মধ্যেই নাগরিক শোকসভার আয়োজক কমিটির সমন্বয়ক সালেহ উদ্দিনের আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রচারের সময় সালেহ উদ্দিনের অপ্রত্যাশিত আচরণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়। এ সময় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও দলটির মিডিয়া সেলের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিক অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে সালেহ উদ্দিন তিনজন সাংবাদিককে শারীরিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদের ভাষ্য, শান্তিপূর্ণ একটি স্মরণসভায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে তারা সহযোগিতা প্রত্যাশা করি। কিন্তু উল্টো তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় সৃষ্টি করে।
কে এই সালেহ উদ্দিন?
সালেহ উদ্দিন বর্তমানে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা (নির্বাহী) সম্পাদক। তিনি আগে আইন (ল) বিটে রিপোর্টিং করতেন। বিভিন্ন সময়ে তার পেশাগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা ও অভিযোগ উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ১৯৯৬-২০০১ সময়কালে তিনি আদালত বিটে কাজ করার সুবাদে তৎকালীন আইনমন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে তার যোগাযোগ আরও দৃঢ় হয়- এমন অভিযোগ রয়েছে।
একাধিক সূত্রে বলা হয়েছে, ওই সময় সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে ১/১১ সরকারের সময় দুর্নীতিবাজ সাংবাদিকদের তালিকায় তার নাম আসে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালে তিনি সপরিবারে বিদেশে চলে যান বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সালেহ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে দেশে ফিরে আবার সাংবাদিকতায় সক্রিয় হন তিনি এবং ল রিপোর্টার্স ফোরামের সভাপতির দায়িত্বও পালন করেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনেও তার তৎপরতা নিয়ে আলোচনা চলছে।
আজকের নাগরিক শোকসভায় ঘটে যাওয়া ঘটনার পর সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে- সংস্কারের কথা বলা হলেও বাস্তবে আচরণে তার প্রতিফলন কতটা হচ্ছে। এ বিষয়ে আয়োজকদের দায়িত্বশীল ভূমিকা ও ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।














