তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার।
জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন।
এদিকে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ১০ পদ চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে আছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।