রাজবাড়ীর গোয়ালন্দে গাড়ি (মাইক্রোবাস) ভাঙচুরের ভিডিও করতে গিয়ে হামলায় আহত হয়েছেন দুই সাংবাদিক। হামলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন দৈনিক বাংলা ও বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, শনিবার বিকালে সারা দেশের মতো গোয়ালন্দেও বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিল। বিকাল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস এলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় কর্মরত সাংবাদিকেরা ঘটনাটির ভিডিও করতে গেলে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে।
তারা জানান, হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগে গোয়ালন্দে এ ধরনের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে।
আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিন আক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমার স্বামী হামলায় আহত হয়েছে। এর যদি বিচার না হয়, এরপর আপনারাও এ রকম হামলার শিকার হবেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ভাঙচুরের শিকার মাইক্রোবাসে আমাদের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন নেতা এসেছিলেন। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচিতে যোগ দিতে পারেননি।














