আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। দীর্ঘ ২১ বছর পর তার সফরকে কেন্দ্র করে পুরো বন্দরনগরী এখন উৎসবমুখর।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে চলছে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ। জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠের ভেতরে চেয়ার স্থাপন, ব্যারিকেড তৈরি এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ-প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা। জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও।
মহাসমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রবিরোধী কোনো পোস্টার বা বস্তু প্রদর্শনের বিরুদ্ধেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। পুলিশ জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবারের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরসহ আশপাশের জেলাগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নেতারা আশা করছেন, পলোগ্রাউন্ড মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করা সম্ভব হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আকাশপথে চট্টগ্রামে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং রাতে চট্টগ্রামে অবস্থান করবেন। পরদিন রবিবার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সেখান থেকে বিকেলে চট্টগ্রাম ছাড়ার পর ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিকেল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে তৃতীয় ও চতুর্থ জনসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পঞ্চম সমাবেশে অংশ নেবেন তিনি।
ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভা শেষে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান।














