চট্টগ্রামে নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) চালু করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সেন্টারটি উদ্বোধন করা হয়।
নগরীর জাকির হোসেন রোড থেকে সরিয়ে সিডিএ অ্যাভিনিউ’র (ষোলশহর দুই নম্বর গেটের সন্নিকটে) সিটি সেন্টারে আইভেকের নতুন সেন্টার স্থাপন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা নতুন আইভেক সেন্টার উদ্বোধন করে বলেছেন, ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) নতুন কেন্দ্রটি চালু হয়েছে। এটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
ভারতীয় সহকারী হাইকমিশন সূত্র জানায়, এখন থেকে নগরীর খুলশী আইভেক সেন্টারে ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। এর পরিবর্তে নতুন আইভেক সেন্টারে ভিসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা মিলবে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।














