দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব’র আদালতে এ মামলা দায়ের করেন।
এর আগে রবিবার এমপি মোস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলা এবং বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়ের করতে বলা হয়।
আদালত সূত্রে জানা গেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিক মারধর ও নাজেহালের অপরাধে নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আদালত ফৌজদারী কার্যবিধি-২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে এবং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। একইসাথে আদালত আগামী ৩ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলা পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মনোনয়ন জমা দেওয়ার সময় আচরণবিধি ভঙ্গ করে বেশি সংখ্যক মানুষ নিয়ে মনোনয়ন জমা দেন। এ বিষয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক তাকে প্রশ্ন করলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার সঙ্গে থাকা ২০-৩০ জন আসামি গণমাধ্যমকর্মীদের ওপর মারমুখী আচরণ করেন এবং টিভি ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে। এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে চট্টগ্রাম-১৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি ঘটনার বিস্তারিত উল্লেখ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেন। আদালত মামলাটি রেকর্ড করেছেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছেন।













