চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ মসজিদের বিপরীতে মহিউদ্দিন বাচ্চু এমপির রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ভাঙচুর করা হয়।
শনিবার বিকেল ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি এতে শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির নেতাকর্মীদের সভাস্থলে দেখা যায়। কিছু সময়ের মধ্যেই পুরো এলাকা আন্দোলনকারীদের দখলে চলে যায়। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান আর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। নিউমার্কেট মোড়ের অদূরে ফুটপাতে পুলিশ বক্স, সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় বিক্ষোভরত শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন।
এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।














