চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন শিশু পার্ক সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং ও রাকিবুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।
নু এমং মারমা মং বলেন, শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)কে যেসব শর্তে জমিটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় শিশু পার্ক সিলগালা করে জমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল সার্কিট হাউসে। এ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে নির্যাতন করা হয়েছিল। এখানেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মঞ্চে স্মৃতিচারণ করতেন বীর মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবী ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। অবশ্য ২০১৪ সালে প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশে উচ্ছেদের উদ্যোগও নেয়া হয়। ওই সময় পার্কের ইজারাদার প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ বহাল থাকায় উচ্ছেদ করা যায়নি। তবে গত বছর চুক্তির মেয়াদ শেষ হলেও চলতি বছর নতুন করে ১৫ বছরের জন্য ইজারাদার নিয়োগ করে চসিক।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গায় স্থাপিত শিশু পার্কটি উচ্ছেদ করার দীর্ঘদিন ধরেই দাবি ছিল সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের।