চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে ৫ দিন ধরে টানা বর্ষণে একের পর এক ডুবেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেল ও সড়ক পথ। চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। ডুবে গেছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, হাটহাজারী, রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতে পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।














