চট্টগ্রাম নগরীর ষোলশহরে ভারি বর্ষণে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)।
সকালে অতি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের উপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আনয়নকারীর দেওয়া তথ্যমতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে পড়ে।
ভোর সকাল থেকে টানা ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে গোটা চট্টগ্রাম শহর, নগরীর প্রায় সব এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বেকায়দায় পড়ে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ কিছু কিছু কেন্দ্রে চলমান পরীক্ষা এক থেকে দুই ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামসহ দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দু’দিন পর বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। অপরদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত না থাকলেও চট্টগ্রাম নদী বন্দরে এক নম্বর নৌ-সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।