- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম-১০ আসনের ‘নৌকা’ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনী কার্যালয়ে হামলা, প্রচারণার গাড়ি ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরীর লালখান বাজারস্থ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মূল গেটের বিপরীতে প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পদযাত্রা শেষে লালখান বাজার নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে বিএনপির নেতাকর্মীরা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। কয়েকজন ভেতরে গিয়ে প্রচারণার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া কার্যালয়ের সামনে রাখা নির্বাচনী প্রচারণায় যুক্ত কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর তারা সড়কেও যানবাহন ভাংচুর করে।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০, নিহত ১

খবর পেয়ে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে আসতে থাকলে তারা পালিয়ে যায়।

এদিকে, হামলা-ভাংচুরের প্রতিবাদে লালখান বাজার মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। হামলায় নির্বাচনী কার্যালয়ে থাকা সিকিউরিটি গার্ডসহ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণই পাল্টা 'স্যাংশন' দেবে: প্রধানমন্ত্রী