- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোটকেন্দ্রে বসছে ১ হাজার ৪০৭টি সিসি ক্যামেরা

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ভোটকেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এরইমধ্যে ১ হাজার ৪০৭টি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন প্রার্থী ও তাদের সমর্থকরা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালালে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন ভোটকক্ষের পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে ভোটকক্ষের মার্কিং প্রেসের (গোপনকক্ষের) বেষ্টনী কাপড়ে ভোটকেন্দ্র নম্বর ও কক্ষ নম্বর লেখা থাকবে।

যাতে মনিটরিং কক্ষ থেকে সিসি ক্যামেরায় ভোটকেন্দ্র নম্বর ও কক্ষ নম্বর স্পষ্ট বোঝা যায়। এ ভোটকেন্দ্র ও কক্ষ নম্বর দেখেই প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এমনকি পরিস্থিতি বিবেচনায় গ্রেপ্তারের নির্দেশনাও আসতে পারে। এর আগে গাইবান্ধায় নির্বাচনে সিসি ক্যামেরা বসিয়ে ভোটের অনিয়ম ধরেছিল ইসি।

আরও পড়ুন  খুলশীর ফিউশন ক্যাফেতে আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ তিন

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভোটের দিন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলনকক্ষ থেকে সিসি ক্যামেরায় ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ভোটকেন্দ্রে কোন প্রার্থী যাতে উত্তাপ ছড়াতে না পারে সেদিকে কঠোর নজরদারি থাকবে।

এদিকে, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ হন নারী ভোটার।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

গত ৮ জুন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ছিল ৬ জুলাই, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৩ জুলাই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আরও পড়ুন  বিএনপি'র কাজ দিনের বেলায় পদযাত্রা আর রাতের বেলায় অ্যাম্বাসিতে যাওয়া: তথ্যমন্ত্রী