- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চমেক হাসপাতালের সামনে ডাবের কৃত্রিম সংকট, ২ দোকানিকে জরিমানা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক বিক্রেতা মাত্র পাঁচটি ডাব বিক্রি করছিলেন। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সন্দেহজনক হলে বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ডাব মজুদের কথা স্বীকার করে। পরে একটি ফার্মেসির পিছনে কয়েকশ ডাব মজুদ করে রাখার তথ্য দেয় সে।

ডাব মজুদ করে রাখার অপরাধে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আরেক বিক্রেতাকে ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির অপরাধে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন  করোনা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চসিক মেয়রের

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ওঠে আসে এমন দৃশ্য।

অভিযানে অংশ নেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, বেশ কিছুদিন ধরে ডাবের বাজারে চলছে অস্থিরতা। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে জিম্মি করছেন রোগী ও তাদের স্বজনদের। অভিযানে এসে আমরা প্রমাণও পেয়েছি। বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও অবৈধভাবে ডাব মজুদ করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

আরও পড়ুন  রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

এছাড়া, হাসপাতাল এলাকায় ডাবের আরও বেশ কয়েকটি ভ্রাম্যমান দোকান থাকলেও ভোক্তা অধিকারের অভিযানের খবরে ডাব রেখে পালিয়ে যায় বিক্রেতারা।