ঋষি সুনাকই প্রথম কোনো হিন্দু ব্যক্তি যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমারোহে ‘ব্রিটেনের দায়িত্ব’ নেবেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ওই অনুষ্ঠানে বাইবেলের অংশ পাঠ করবেন।
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শপথ নেবেন ব্রিটেনের রাজা হিসাবে। রানির মৃত্যুতে উত্তরাধিকারের স্বাভাবিক নিয়মে তিনি রাজা হলেও আনুষ্ঠানিকভাবে রাজার রাজ্যাভিষেক হবে ওই দিনই। ওই অনুষ্ঠানে অংশ নেবেন ব্রিটেনের বাসিন্দারা। ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে হাজির থাকবেন নামী-দামি ব্যক্তিত্বরাও। সেখানেই রাজার জন্য বাইবেলের একটি অংশ পাঠ করবেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি, যিনি ব্যক্তিগত জীবনে একজন হিন্দু ধর্মাচারী।
ঋষি সুনাক পারিবারিকভাবে হিন্দু ধর্মীয় আচার ও রীতিনীতি অনুসরণ করেন। বেশ কয়েকবার বক্তব্য দিতে গিয়ে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
ল্যাম্বেথ প্রাসাদ জানিয়েছে, ক্যান্টারবেরির আর্চবিশপ রাজার রাজ্যাভিষেকের জন্য বাইবেলের একটি নতুন অংশ বেছে রেখেছেন। বাইবেলের নিউ টেস্টামেন্টের দ্বাদশ বইটির নাম হলো ‘এপিস্টল টু দ্য কলোসিয়ানস’। আর্চবিশপ তারই ১:৯-১৭তম পরিচ্ছেদটি বেছে নিয়েছেন রাজ্যাভিষেকের অনুষ্ঠানে পড়ার জন্য। এ পরিচ্ছেদটিতে মানুষের সেবা করা এবং সমস্ত জীবের প্রতি ভালোবাসা প্রদর্শনে যিশুর উপদেশের কথা বলে। আজ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অংশটিই পড়বেন ঋষি।
আর্চবিশপের দফতর জানিয়েছে, রাজ পরিবারের সাম্প্রতিক ধারা অনুযায়ী রাজবাড়ির বিভিন্ন অনুষ্ঠানে দেশের প্রধান হিসেবে ব্রিট্রেনের প্রধানমন্ত্রী সশরীরে হাজির থেকে কিছু না কিছু পাঠ করেন। ওই ধারা মেনেই প্রধানমন্ত্রী ঋষি সুনক ওই পাঠ করবেন।
আর্চবিশপের দফতর জানিয়েছে, রাজার অভিষেকে আধুনিক ব্রিটেনকেই তুলে ধরা হবে। আর এই ভাবনার সাথে খুব ভালোভাবে মিলবে ব্রিটেনের হিন্দু প্রধানমন্ত্রীর বাইবেল পাঠ।
এ ছাড়াও এবারের রাজ্যাভিষেকে ইহুদি, মুসলিম, বৌদ্ধ ও শিখসহ বহু-বিশ্বাসের উপাদান যুক্ত করে অনুষ্ঠানের বৈচিত্রের প্রতি জোর দেওয়া হবে। রাজ্যাভিষেক অনুষ্ঠানে ওয়েলশ, আইরিশ ও স্কটিশ লোকসঙ্গীত পরিবেশন করা হবে।
হাজার বছরের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে এবারই প্রথম নারী বিশপরা অংশ নেবেন বলে জানিয়েছে চার্চ অব ইংল্যান্ড।
সূত্র- বিবিসি / আনন্দবাজার পত্রিকা।














