চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে ইউনিয়নের কদল খান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩ মে) রাতে কিছু দুষ্কৃতকারীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানান হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
আহতরা হলেন- ফারহান, তৌহিদ, বাচ্ছু, রমজান, রামি, আবিদ, নাহিয়ান ও জুয়েল। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়- চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের পূর্বপাশে ৮ নম্বর ওয়ার্ডের কদল খান বাড়িতে ঘটনার দিন রাত ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত একটি ছোট নীল পিকআপ নিয়ে প্রবেশ করে। তারা ওই বাড়িতে প্রবেশ করে যখন প্রস্তুতি নিচ্ছিল তখন এলাকার কিছু লোক ঘটনাটি টের পায়। পরবর্তীতে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা স্থানীয়দের হাতে ধরা পড়তে পারে এমন সন্দেহে তাদের হাতে থাকা শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আত্মরক্ষার্থে কিছুক্ষণের জন্য পিছু হটে। পরবর্তীতে এলাকাবাসী আরও বেশি সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এই সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি সেতুর উপর থেকে এলাকাবাসীকে লক্ষ্য করে ফের গুলি ছুড়ে। এই সময় ডাকাতদলের সদস্যদের ছোড়া গুলিতে আটজন স্থানীয় বাসিন্দা আহত হয়।
