চাকরির মেয়াদ শেষে এবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল বিভাগ (এসবি) প্রধান গোলাম রসুল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
রবিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্ব-নিয়োগের ধারাবাহিকতায় আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এসবি প্রধানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. গোলাম রসুলকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পহেলা সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।














