ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক সে বিষয়ে কিছু জানা যায় নি।
বুধবার (৭ মে) এ হামলার ঘটনা ঘটেছে।
এর আগে গতকাল (মঙ্গলবার, ৬ মে) মধ্যরাতে পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
এ হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।














