নির্বাচন কমিশন জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসময় তিনি জানান, নিবন্ধন পেতে ১২ টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শতভাগ শর্ত পূরণ না করলে নিবন্ধন পাবে না কোন দল বলেও জানান মো. আলমগীর। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ৯৩টি আবেদনের বিপরীতে, ১২টি দলকে প্রাথমিক বাছাই করেছিল নির্বাচন কমিশন।
প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলগুলো হলো- এবি পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।