ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসছেন। পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও থাকবেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, প্রেস ও তথ্য) গোকুল ভি কে এ তথ্য জানান।
তিনি বলেন, ১২ জুন শুক্রবার পেট্রাপোল-বেনাপোল হয়ে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন। তাঁকে বরণ করে নিতে ভারতীয় হাইকমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তাঁর আগমনে আমরা আনন্দিত।
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নয়াদিল্লি।
বাংলাভাষী দীনেশ ত্রিবেদী কেবল রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সম্পর্কেই নন, বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সম্যক অবহিত বলে কূটনৈতিক সূত্রগুলো জানায়। কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস হয়ে পরে বিজেপিতে যোগ দেওয়া ত্রিবেদীর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন।














