- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দুই আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে এই দুই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন  ৭১'র বুদ্ধিজীবী হত্যা নিয়ে চবি উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য, পদত্যাগের দাবিতে বিক্ষোভ

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেই গেজেট অনুযায়ী, সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ সংসদীয় আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্র করে পাবনা-২ সংসদীয় আসন নির্ধারণ করা হয়।

তবে ইসির ওই গেজেটে উল্লিখিত এই দুটি আসন সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।

আরও পড়ুন  চোখ রাঙাচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ১০ জন

পরবর্তীতে চূড়ান্ত শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুলটি যথাযথ ঘোষণা করে রায় প্রদান করেন। রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে ইসির গেজেটের সংশ্লিষ্ট অংশকে আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার দুটি সংসদীয় আসন আগের অবস্থায় পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন  মার্কিন দূতাবাস থেকে পুলিশি নিরাপত্তায় বাসায় ফিরলেন ডিএজি এমরান

হাইকোর্টের নির্দেশনার পর গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত গেজেট প্রকাশ করে।

সংশোধিত গেজেট অনুযায়ী, সাঁথিয়া উপজেলার পুরো অংশ এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়ন- হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা নিয়ে পুনরায় পাবনা-১ আসন গঠন করা হয়। অন্যদিকে, বেড়া উপজেলার অবশিষ্ট পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ সংসদীয় আসন নির্ধারণ করা হয়।