- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দেশের ৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) চালুকরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না।

আরও পড়ুন  বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় কী থাকছে

এর আগে গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তিনি বলেছিলেন, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।

আরও পড়ুন  বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে।

আজ থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

ঐতিহাসিক এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুম-এ এই ৮টি জেলায় একযোগে ই-বেইলবন্ড চালুকরণ বিষয়ক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন  চীনের কাছে আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা