ঢাকা, -

আলোচিত সংবাদ

নেপালে র‍্যাপার থেকে প্রধানমন্ত্রীর দৌড়ে ‘বালেন’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে জেন-জি প্রজন্মের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এটাই দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন। প্রাথমিক ভোট গণনার ধারা বলছে, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে তরুণ প্রজন্মের আইকন ও সাবেক হিপহপ শিল্পী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই পরিচিত।

নেপালের সাম্প্রতিক ইতিহাসে তারুণ্যের শক্তিতে পরিচালিত রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩৫ বছর বয়সী এই প্রকৌশলী। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া বালেন এককালে হিপহপ ও র‍্যাপ সংগীতের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে দেশজুড়ে পরিচিতি পান। ২০২২ সালে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চমক সৃষ্টি করেছিলেন। মেয়র হিসেবে কর ফাঁকি রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনে তার সাহসী ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

আরও পড়ুন  এক দফা আন্দোলনের ধরন হবে ‘ভিন্ন রকম’: মির্জা ফখরুল

গত বছরের ডিসেম্বরে মধ্যপন্থি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপিতে যোগ দিয়ে দেশ পরিচালনার লড়াইয়ে নামেন বালেন। সবচেয়ে বড় চমক ছিল সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজ আসনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত। বিশ্লেষকরা একে ‘অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ’ বললেও বালেন এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন, আমি সহজ পথে হাঁটতে রাজি নই। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ওলির সেই আসনে এখন বড় ব্যবধানে এগিয়ে আছেন এই তরুণ নেতা।

আরও পড়ুন  ইসলামী আন্দোলনের কালো পতাকা মিছিল, আটক ৩

২০২৫ সালের সেপ্টেম্বরে ওলি সরকারের পতন ঘটাতে রাজপথে নেমে আসা নেপালি তরুণদের প্রকাশ্য সমর্থন জুগিয়েছিলেন বালেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে উদারপন্থি অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা।

নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছেন, জেন-জি প্রজন্মের মূল দাবিই হলো সুশাসন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও নিজের সংগীতশিল্পী পরিচয়টি সবসময় তার সঙ্গে থাকবে বলে জানান এই আলোচিত নেতা।

আরও পড়ুন  খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নেপালের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বালেনের দল আরএসপি বর্তমানে দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। সবকিছু ঠিক থাকলে এই র‍্যাপার-প্রকৌশলীই হতে যাচ্ছেন হিমালয় কন্যা নেপালের পরবর্তী কর্ণধার।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ