চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহমুদুল করিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে, মাহমুদুল করিম ‘রুপান্তর বাংলা’ নামে একটি পত্রিকার বাশঁখালী প্রতিনিধি।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল করিম বাশঁখালী উপজেলার চন্দ্রপুর এলাকার ফজলুল করিমের ছেলে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে মাহমুদুল করিম চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় মনসা চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের নিচে ডুকে পড়ে। এ সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।