চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় ৩ জরের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের লাশ পাওয়া যায় গতকাল রাত ১টার দিকে। বাকি দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের বাটারফ্লাই সংলগ্ন পুকুরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাসফিয়া (২০), তার স্বামী আসাদুজ্জামান সানি (৩০) ও তার বোনের ছেলে নাজমুস সাকিব (৮)। আহতরা হলেন-মোহাম্মদ ইমরান (৮), নূরুল আমিন (২১) ও নুসরাত (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম জানান, সানি ও তাসফিয়ার তিন মাস আগে বিয়ে হয়েছে। তারা শুক্রবার সকালে পতেঙ্গার নাজিরপাড়া এলাকায় তাসফিয়ার বোন নুসরাতের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বিকেলে নুসরাত ও তার ছেলে নাজমুস সাকিবকে নিয়ে তারা নেভালে বেড়াতে যান। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় তারা চারজনসহ মোট পাঁচজন আহত হন। সাকিবকে টেনেহিঁচড়ে নিয়ে লরিটি পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের টিম এসে লরি উদ্ধারের পর সেখানে মৃত অবস্থায় সাকিবকে পাওয়া যায়।
সানি ও তাসফিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।















