বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।
আর্জেন্টাইন এই গোলরক্ষকের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশিরা খেলাটির প্রতি অনুরাগী। আমার বাবা এবং দাদা ফুটবলার ছিলেন।
তিনি বলেন, ফুটবল ও অন্যান্য খেলার প্রচারের জন্য বর্তমান সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করেছে।
বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের বিপুল সংখ্যা জানার পর অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেন, আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি সেই আবেগ জেনেও ভালো লাগছে।
পশ্চিমবঙ্গের স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত, মার্তিনেজের আইনজীবী ও ব্যক্তিগত ব্যবস্থাপক সান্তিয়াগো লিওত্তা আর্জেন্টাইন গোলরক্ষকের সফরসঙ্গী।
এসময় উপস্থিত ছিলেন- এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, এমপি শেখ হেলাল উদ্দিন ও শেখ শাহরান নাসের তন্ময় প্রমুখ।












