বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ-সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগ কামনা করেন।
শুক্রবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউজে দেশটির প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটনসহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
