- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বাংলাদেশে জামায়াতের উত্থান নিয়ে সতর্ক করলেন হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা সতর্ক করেছেন যে, বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে প্রভাব বিস্তার করছে, আর এ কারণে ভারতকে সজাগ থাকতে হবে।

তিনি মন্তব্য করেন, ‘চিতা তার দাগ বদলায় না’, অর্থাৎ জামায়াতের স্বভাব ও চরিত্র অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লীর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় শ্রিংলা এ বক্তব্য দেন।

আরও পড়ুন  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে ইটিভি ভারত সংবাদটি প্রকাশ করে।

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ক্ষমতায় যে-ই আসুক, দিল্লি তার সঙ্গে কাজ করবে। তবে যদি নতুন সরকার ভারতের স্বার্থবিরোধী কোনো অবস্থান নেয়, তবে উদ্বেগের কারণ তৈরি হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে জামায়াতে ইসলামী প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং গণহত্যাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন  জারি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, পৃথক হলো বিচার বিভাগ

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সংগঠন মুসলিম ব্রাদারহুডের একটি অংশ, যাদের বিস্তৃত নেটওয়ার্ক বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও মিসরসহ বিভিন্ন দেশে সক্রিয়।

শ্রিংলা আরও বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বর্তমানে শুধু বাংলাদেশের ভেতরে নয়, ভারতের সীমান্ত এলাকাতেও তৎপরতা বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার আশঙ্কা প্রবল।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন বাংলাদেশ নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য ফলাফল করতে পারে। আলোচনাটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সরকার।

আরও পড়ুন  আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম