চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং- এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও ২টি চুক্তি সই হয়েছে।
দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এরআগে বিকালে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক ওই বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।














