ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের সম্মতির বিষয়টি জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। প্রতিনিধিদলটি সরকার গঠনের অনুমতি চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে।
পরে রাষ্ট্রপতির দপ্তর থেকে সরকার গঠনে সম্মতি দেওয়া হয়।
রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রের তথ্য অনুযায়ী, আজ বিকেল চারটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথ শেষে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।














