- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বিএনপি’র সময় শেষ, আর ছাড় নয়: সেতুমন্ত্রী

বিএনপিকে আর ছাড় নয়, বিএনপির সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন আর শান্তির সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত হোন জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। খেলা হবে দুর্নীতি, অর্থ পাচার, ভোট চুরির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। মিথ্যচার গুজব এটাই বিএনপির রাজনীতি। বিএনপি বলে সরকার অচল করবে, জনগণ বিএনপিকে অচল করে দিবে। আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দিব।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক মরে ভূত হয়ে গেছে ৷ তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায়ক আর কোনদিন চোখ মেলবে না। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। এ ভূত আপনাদেরও খেয়ে ফেলবে।

আরও পড়ুন  আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তিনি আরও বলেন, ওরা গণতন্ত্রের কী জানে। ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না আসলে আমও যাবে, ছালাও যাবে।

কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে ৷ আপনারা কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। দ্রব্যমূল্যের এই সমস্যা থাকবে না। সবকিছুর দামই কমে আসবে ৷

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল মেট্রোরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা। বিদেশ নিয়ে কথা বলতে ফখরুলের কি লজ্জা করে না। ফখরুলের পাখা গজিয়েছে ৷ এই পাখা উড়ে যাবে ৷

আরও পড়ুন  নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্থিতিশীল। এটা বিএনপির সহ্য হয় না ৷ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত খুনি জিয়ার দল এখন গণতন্ত্রের সবক দেয়। আগামী দিনে ওরা আবার জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা না থাকলে দেশ অন্ধকার হয়ে যাবে। আপনারা ভোটের মাধ্যমে তাঁকে এর প্রতিদান দিবেন ৷ দল কাকে মনোনয়ন দিবে তা দলের বিষয় ৷ তবে এখানকার নেতাকর্মীদের নৌকা প্রতীকের যে দাবি তা অবশ্যই কেন্দ্রে জানাবো ৷

আরও পড়ুন  ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময়, শেষ পর্যন্ত হয়নি চুক্তি

সমাবেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, অক্টোবর মাসেই বেগম খালেদা জিয়া ও বঙ্গবন্ধুর খুনী জিয়ার দল ঘোষণা করেছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। এ জন্য তারা সন্ত্রাসের পথ যাবে। তাদেরকে প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। আজকের এই জনস্রোত প্রমাণ করে আওয়ামী ঐক্যবদ্ধ আছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  এসএম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদল, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ দলের নেতৃবৃন্দ।