রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার (১২ জুলাই) সমাবেশ করতে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি।
সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া। তারা ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের জন্য লিখিত আবেদন দেন। তখন কমিশনার সমাবেশ করতে তাদের মৌখিক আশ্বাস দেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী, পুলিশ আমাদের সহযোগিতা করবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা আশা করছি, এ দেশের জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশকে আমরা সফল করতে পারব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি, কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।