ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের বিজয় মিছিল বা সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলীর সই করা এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি দেশব্যাপী শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন।
অন্য এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের জনগণকে, বিশেষ করে ঢাকাবাসীকে, বিপুলসংখ্যক আসনে বিজয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করা হবে।
দলীয়ভাবে জোর দিয়ে বলা হয়েছে, নির্বাচনী সাফল্য সত্ত্বেও কোনো ধরনের বিজয় মিছিল বা জনসমাবেশ করা হবে না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ এলাকায় মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদেরও দেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ লাখ নিরাপত্তাকর্মী এবং আরও প্রায় ১০ লাখ নির্বাচনকর্মী দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।